Skip to content

খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিতে বাধা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এবার খাবার ও পানি ঢুকতে দেয়নি পুলিশ। বুধবার রাতে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তবে কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
দিদার যুগান্তরকে জানান, কার্যালয়ের ভেতরে অবস্থানরত চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যদের জন্য বাইরে থেকে খাবার আনা হয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো একটি ভ্যানে করে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করার মুহূর্তে পুলিশ আটকে দেয়।
তিনি বলেন, রাতে অনেকেই না খেয়ে থাকেন। কেউ কেউ শুকনো খাবার খেয়ে রাত কাটান।
বেশ কয়েকদিন ধরে কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি চলছে। নেতাকর্মী এমনকি গণমাধ্যমের কর্মীদেরও কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কার্যালয়ের সামনে চেয়ার-টেবিল নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি রেজিস্টার খাতা খোলা হয়েছে। শুরুতে খাতায় নাম এন্ট্রি করে ঢোকার অনুমতি দিলেও দুদিন ধরে তাও দেয়া হচ্ছে না। উপরের নির্দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান।
৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন।
গত সপ্তাহে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট, টেলিফোন, ফ্যাক্সের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ এবং সবশেষ মঙ্গলবার মোবাইল নেটওয়ার্ক চালু হলেও অন্যান্য যোগাযোগ এখনও বিচ্ছিন্ন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫