স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী টানা চতুর্থ দিনের হরতাল চলছে। লাগাতার অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল শেষ না হতেই শুক্রবার ভোর ৬টা পর্যন্ত তা বাড়ানো হয়েছে। বুধবার ভোর ৬টায় পূর্বঘোষিত হরতাল শেষ হওয়ার কথা ছিল। এ কর্মসূচি শেষ হওয়ার আগেই মঙ্গলবার আরো ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি জোট।
জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে হরতালের সময়সীমা বাড়ানোর এ ঘোষণা দেন। বিবৃতিতে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। গত দুই সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করা হয়।
বুধবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তেমন কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে। দেশের অন্যান্য নগর মহানগর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং ঠেকাতে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা চোখে পড়ার মতো।
এছাড়া অবরোধ-হরতালে যেকোন সহিংসতা মোকাবেলায় পুলিশ-র্যাবের পাশাপাশি সারা দেশে আড়াই শতাধিক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সকালে হরতালে রাজধানীতে সীমিত সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে প্রশাসনের সাথে বৈঠকে ঢাকা পরিবহণ মালিক সমিতির গাড়ি চালানোর আগের সিদ্ধান্ত মোতাবেক বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল কিছুটা বাড়লেও পরিবহনগুলোতে যাত্রী সংখ্যা কম দেখা যায়। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচলও ছিল কম।
ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে। তবে গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একইভাবে দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি।
এদিকে দেশের বিভিন্ন নগর-মহানগরসহ জেলায়ও চলছে শান্তিপূর্ণ হরতাল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যেও হরতাল-অবরোধের সমর্থনে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, রাস্তায় ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটেছে ককটেল বিস্ফোরণ। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা সদর, নগর-মহানগরগুলোর আন্তঃমহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় কিছু হালকা যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।
হরতালের কারণে পূর্ব নির্ধারিত বুধবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হরতালে রাজধানীসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম দেখা যায়।
দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু, আহত ও গ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি, ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করায় হরতাল বর্ধিত করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।
