বিনোদন ডেস্ক ॥
ঢাকা : জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পরপর দুই ছবি থেকে বাদ পড়লেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি!
এ পর্যন্ত এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় সব ছবির নায়িকা তিনি। অথচ এবার সবকিছু চূড়ান্ত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মাহিকে দুই ছবি থেকেই বাদ দেয় প্রতিষ্ঠানটি। কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’তে অংকুশের বিপরীতে কাজ করার কথা ছিল মাহির। সেভাবে তার প্রস্তুতিও চলছিল। কিন্তু কিছুদিন আগে জাজ ঘোষণা দেয় যে এতে নতুন একজন নায়িকা থাকছে। তাকে চূড়ান্তও করা হয়েছে।
এখানে উল্লেখ্য, এর আগে কলকাতার এস কে মুভিজের সঙ্গে জাজের যৌথ ছবি ‘রোমিও বনাম জুলিয়েট’-এ কাজ করেন মাহি। এরপর জাজের ‘পিকনিক’ ছবিতেও কাজ করার কথা ছিল মাহির। কিন্তু এই ছবিতেও মাহির পরিবর্তে নেওয়া হয়েছে চিত্রনায়িকা ববিকে। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। তবে জাজের ‘অগ্নি-২’ ছবিতে মাহিই অভিনয় করছেন। এরই মধ্যে এই ছবির শুটিং এ অংশ নেবার জন্য ব্যাংকক গিয়েছেন মাহি। তবে যাই হোক না কেন জাজের পরপর দুটি ছবিতে মাহির পরিবর্তে অন্য নায়িকা নির্বাচিত হওয়ায় অবাক হয়েছেন অনেকেই ! অনেকেই ভাবছেন কোনো কারণে জাজ মাল্টিমিডিয়ার সাথে মাহির দূরত্ব তৈরী হওয়াতেই এমনটা ঘটেছে।
