Skip to content

গোটা ভারতেই নিষিদ্ধ করা হবে গরু জবাই!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: মধ্যপ্রদেশ এবং হরিয়ানার পর গোটা ভারতে জরু জবাই নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এ মুহূর্তে এ সংক্রান্ত বিল পাস করা তার সরকারের জন্য সহজ হবে না বলেও তিনি স্বীকার করেছেন।

রোববার ইন্দোর শহরে জৈন ধর্মগুরুদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন বলে এনডিটিভি জানিয়েছে।

এ ব্যাপারে তার সরকারের সদিচ্ছার কথা ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ বলেন, ‘এ দেশে গো-হত্যাকে কোনোভাবেই অনুমোদন করা হবে না। এটি বন্ধ করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।’

চলতি মাসের গোড়ার দিকে মহারাষ্ট্র প্রদেশের বিজেপি নেতৃত্বধীন সরকার গো-হত্যা নিষিদ্ধ করে একটি আইন পাস করে। পরে হরিয়ানা রাজ্যেও এ সংক্রান্ত আইন পাস হয়। এখন গরু হত্যা নিষিদ্ধ হতে যাচ্ছে মধ্যপ্রদেশেও । ভারতের গোড়া হিন্দু সংগঠনগুলো নিজেদের পক্ষে জন সমর্থন গড়ে তুলতে বরাবরই গো- হত্যা নিষিদ্ধ করার মত প্রতিশ্রুতি দিয়ে থাকে। বিজেপিও এর ব্যতিক্রম নয়।

রোববারের সমাবেশে রাজনাথ মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘ গো হত্যা বন্ধে আমার সরকারের দেয়া প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। এর আগে মধ্যপ্রদেশের বিজেপি সরকার এ সংক্রান্ত একটি কঠিন আইন প্রবর্তন করেছে। এখন মহারাষ্ট্র সরকারও গো হত্যা নিষিদ্ধ করতে সক্রিয় হয়েছে। আমরা কালবিলম্ব না করে মহারাষ্ট্র সরকারের পাস করা বিলটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠাতে যাচ্ছি।’ মহারাষ্ট্রে শুধু গরু নয়, মহিষ হত্যাও নিষিদ্ধ করা হচ্ছে।

সমাবেশে জৈন ধর্মগুরু আচার্য শিভমুনি আসন্ন বাজেট অধিবেশনেই গোটা ভারতে গরু-মহিষ হত্যা নিষিদ্ধ করে বিল আনার জন্য বিজেপি সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

তবে গোটা ভারতে গরু নিধন করার প্রতিশ্রুতি পূরণ করা রাজনাথের পক্ষে আপাতত: সম্ভব হবে না বলেই মনে হয়। কেননা এ সংক্রান্ত বিল পাস করতে গেলে পার্লামেন্টের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা থাকা প্রয়োজন। কিন্তু লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বিজেপি সংখ্যারিষ্ঠ নয়। এই বাস্তবতা স্বীকার করে তিনি বলেন,‘আপনার বিভিন্ন পত্র পত্রিকায় অবশ্যই পড়ে থাকবেন পার্লামেন্টে একটা বিল পাস করতে আমাদের কতটা কাঠখড় পোড়াতে হয়।’

প্রসঙ্গত, ২০০৩ সালে ভারতের কৃষিমন্ত্রী থাকার সময়ও তিনি একবার গো হত্যা নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে বিল এনেছিলেন। কিন্তু সেবারও তার সে প্রচেষ্টা সফল হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫