বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: শুধু প্রচার প্রচারণা নয়, ঢাকার এক প্রান্ত থেকে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিন সিটি কর্পোরেশন নিবার্চনে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে সরাসরি ভোট চাওয়া ও প্রচার প্রচারণা চালাতে এবার কোনো বাধা নেই তার। তাই খুব শিগগিরই দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ঢাকার দুই সিটি ও চট্টগ্রামে মাঠে নামবেন তিনি। অন্যদিকে বাংলাদেশ প্রতিদিন অনলাইন জানায় ঢাকা উত্তরের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তিনি নির্বাচনি প্রচারে নামবেন এবং প্রথম নির্বাচনি প্রচরাণায় যাবেন চট্টগ্রামে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, শুধু প্রচারণা নয়, খালেদা জিয়া ঢাকার এক প্রান্তে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হবেন। ভিন্ন কৌশলে এবার নির্বাচনি প্রচারণা চালাবেন বিএনপি প্রধান। আমাদের এবারের প্রচারের লক্ষ্য হবে ম্যাডামকে যতটা সম্ভব ভোটারদের কাছাকাছি নিয়ে যাওয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন যখন ভোটারদের কাছে যাবেন তখন ভোটারদের মধ্যে বিরাট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। এমনকি সিটি নিবার্চনের সুযোগকে কাজে লাগিয়ে রাজধানীর সব পর্যায়ের নেতাকর্মীরা তার কাছাকাছি পৌঁছাতে পারবে ফলে নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
দলের সূত্র জানায়, সিটি নির্বাচনে পছন্দের প্রার্থীদের জন্য ভোট চাইতে খালেদা জিয়ার এবার আইনি কোনো বাধা নেই। তাই এ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন খালেদা জিয়া। ওয়ার্ড পর্যায়ে পথসভাগুলোর অধিকাংশেই খালেদা জিয়া থাকবেন। প্রচারণার অংশ হিসেবে তিনি চট্টগ্রামেও যেতে পারেন। এ নির্বাচনকে বিএনপি প্রধান আগামী জাতীয় নির্বাচন আদায়ে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। বিশেষ করে নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করতে নেতাকর্মীদের উৎসাহিত করতে তিনি নিবার্চনকে এখন অধিকতর গুরুত্ব দিচ্ছেন। দলের নীতিনির্ধারকরা মনে করেন, বেগম খালেদা জিয়া মাঠে নামলে দ্রুতই চাঙা হয়ে উঠবে নেতাকর্মীরা।
জানতে চাইলে শত নাগরিক জাতীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, দুই একদিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রকাশ্যে এসেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শীর্ষ নেতারাও নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের পর দলের সর্মথিত প্রার্থীরা প্রকাশ্যে আসবেন। আর বিএনপি চেয়ারপারসন কীভাবে নির্বাচনি প্রচার প্রচারণায় নামবেন এসব বিষয়ে দলে যাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছে তারা কাজ করছেন।
