বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশে বিভিন্ন সময়েই সেনাবাহিনীর সদস্যদের সেনানিবাসের বাইরে এনে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের জন্য মোতায়েন করার নজির আছে।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনে আজ সোমবার দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার প্রথম দফা বৈঠকে এই বিষয়ে র্যাব, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মতামত নেয়া হয়েছিল।
নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন বিষয়ে রোববার কোনও সিদ্ধান্ত হয়নি। শুধু আলাপ আলোচনা হয়েছে। আজ আবার আমরা বসবো। বিকেল নাগাদ সিদ্ধান্তের কথা জানাতে পারবো।
জানা গেছে, বিরোধী দল সমর্থিত বিভিন্ন প্রার্থীদের অব্যাহত দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের প্রসঙ্গটি আমলে এনেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে- র্যাবসহ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশনের বৈঠকে তাদের মতামত জানিয়েছে।
এদিকে একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে রোববারই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৫ এপ্রিল থেকে চারদিনের জন্য ঢাকা ও চট্টগ্রামে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
তবে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, গতকাল সিদ্ধান্ত হলে তো আজকে আর বৈঠকের দরকার হতো না।
জানা গেছে, গতকালের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিদ্যমান নির্বাচনী পরিবেশ ‘ভালো’ বলে দাবি করেন। কমিশন এই দাবিকে ‘ঝড়ের আগে থমথমে অবস্থা কিনা’ তা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্বাচনে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা জানান সিইসি।
বৈঠকে প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে নির্বাচনী পরিবেশ, ভোট কেন্দ্রের নিরাপত্তা, খালেদা জিয়ার প্রচারণাসহ বেশ কিছু বিষয় স্থান পায়। ওই বৈঠকের পর বিকাল সাড়ে তিনটায় আবারও কমিশনের দেড় ঘণ্টা বৈঠক হয়। ওই বৈঠক শেষে একজন নির্বাচন কমিশনার বলেন, আজ সোমবার সেনা মোতায়েনের বিষয়ে আবারও বৈঠক হবে।
বৈঠক শেষে রোববার দুপুরে সিইসি সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে বিকালে অনুষ্ঠিত ইসির অপর বৈঠকে চার দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়।
সিইসি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাছ থেকে পরিস্থিতি শুনলাম। সবাই বলেছেন, নির্বাচন পরিস্থিতি ভালো রয়েছে। কিন্তু আমরা খুব সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছি। তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে ইসির বৈঠক বসবে। কোন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কত সদস্য থাকবে, ক’জন টহলে থাকবে তা পরে সিদ্ধান্ত হবে।
দুপুরে সেনা মোতায়েনে প্রার্থীদের দাবি প্রসঙ্গে সিইসি বলেন, শুধু প্রার্থীদের নয়, ভোটারদের কথাও চিন্তা করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করা, ভোট দেয়ার পর নির্বিঘ্নে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের পর সহিংসতা যাতে না ঘটে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়েছি।
সেনা মোতায়েন নিয়ে ফের বৈঠক আজ
আপডেট :April 20, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
