সাভার প্রতিনিধি ॥ সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় ডাকাতের গুলিতে ব্যাংকটি কমকর্তাসহ ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তাদের স্থানীয় মেডিকেলে নেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পলাশ (৪৫) নামে এক ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। এ ঘটনায় নিহত অন্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ব্যাংকে লেনদেন করতে আসা কয়েকজন গ্রাহক জানান, কয়েকজন লোক তিনটি মোটরসাইকেলে করে গ্রাহক সেজে কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠকড়া শাখায় প্রবেশ করে। পরে তারা নিরাপত্তারক্ষীদের জিম্মি করে শাখায় ডাকাতির চেষ্টা করে। এসময় ম্যানেজারসহ কর্মকর্তা ও কর্মচারীরা বাধা দিলে তাদেরকে গুলি করা হয়।
ব্যাংকে ডাকাতির ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে প্রচার করে। এসময় এলাকাবাসী ছুটে ঘটনাস্থলে এলে ডাকাতরা পর পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পাশের আমতলা পৌঁছলে জনতার বাধার মুখে পড়ে। এসময় দুই ডাকাতকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় ডাকাতের গুলিতে ৩জন নিহত হন।
এদিকে নিহত ৫ জনের লাশ সাভারের এনাম মেডিকেলে রাখা হয়েছে বলে মেডিকেলের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
