স্টাফ রিপোর্টার ॥ অন্যান্য দিনের মতো আজকের সকালও ছিলো স্বাভাবিক। অফিসে যাওয়ার পস্তুতি নিচ্ছিলেন রাজজধানীর কর্মজীবী মানুষ। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেলো। হঠাৎ করেই আকাশ কালো হয়ে উঠলো। নেমে এলো রাতের অন্ধকার। এরপরই ঝুম বৃষ্টি। সাতসকালেই মনে হচ্ছিল রাতের অন্ধকারে ঢেকে গেছে রাজধানী ঢাকা।
সোমবার সকাল ৭ টা থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। এর কিছুক্ষণ পর আকাশ আরো কালো হয়ে উঠে। সেই সঙ্গে দমকা বাতাস। সকাল পৌনে আটটার দিকে শুরু হয় মুষুলধারে বৃষ্টি। সকাল বেলাও মনে হচ্ছিল এ যেন রাতের ঢাকা।
এদিকে বৃষ্টি শুরু হলে পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে থাকে। গাড়িগুলো হেডলাইট জ্বেলে চলতে শুরু করে। ফুটপাতের ব্যবসায়ীরাও দোকান বন্ধ করে দেয়। আচানক বৃষ্টিতে রিকশাওয়ালার চাইছিল না কোথাও যেতে।
রাজধানীর ব্যস্ততম এলাকা হাতিরপুল বাজার। এখানে মূল বাজারের পাশাপাশি ফুটপাতেও অনেক দোকান রয়েছে। সাতসকালে বৃষ্টিতে ব্যবসায়ীরা পড়েন বিপাকে। বেচাকেনাও বন্ধ হয়ে হয়ে যায়।
কাটাবন এলাকায় গিয়ে দেখা যায়, কর্মজীবী মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। বৃষ্টির কারেণ সবাই একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছেন। যান চলাচল কম থাকায় অনেকেই রিকশাযোগে গন্তব্যস্থলে যাচ্ছেন। তবে গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া।
বৃষ্টির কারণে রাজধানীর শাহবাগ ওষুধ মার্কেটের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা ম্যানহোলে পড়ে যায়।
টানা ৫০ মিনিট বৃষ্টির পর বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হয়। তবে দ্বিতীয় দফার বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী ছিলো না। বর্তমানে আকাশ শান্ত থাকলেও মেঘে ঢাকা।
