Skip to content

ফিরতে চান পিটারসেন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : সোমবার ছিলো কেভিন পিটারসেনের জন্য অন্যরকম এক দিন। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে লিস্টারশায়ারের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩২৬ নট আউটের স্কোর গড়লেন। করলেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। এটা আনন্দের। কিন্তু জানতে পারলেন এমন ইনিংসের পরও ইংল্যান্ড জাতীয় দলে তার আর জায়গা হবে না। এটা বিষাদের। সোমবার তাই ছিল কেপির আনন্দ বিষাদের এক দিন।
এমন একটি ইনিংস খেলার পর ইংল্যান্ডের নতুন ক্রিকেট ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রসের সাথে দেখা করেন কেপি। সেখানেই জানতে পারেন দেশের পক্ষে তার আর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। এর আগে কেপি বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া তিনি।
স্ট্রসের সাথে দেখা করার আগে কেপি বলেছেন, “এর চেয়ে বেশি কি আর করতে পারি? আমি যা করতে পারি তা হলো রান করা। চাপের মধ্যে আমি যেভাবে খেলেছি তাতে গর্বিত বোধ করছি।”
২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট খেলেছেন পিটারসেন। সেটি ছিল অ্যাশেজের শেষ ম্যাচ। এরপর একটি আত্মজীবনী বের করেন কেপি। সেখানে ইংলিশ ক্রিকেটারদের তীব্র সমালোচনা করেন তিনি। আর তারপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে বরখাস্ত করে। সেটা ২০১৪ এর ফেব্রুয়ারির কথা। সেই থেকে জাতীয় দলের বাইরে পিটারসেন। তবে ২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ডের নতুন বোর্ড প্রধান কলিন গ্রেভস বলেন, কাউন্টিতে ভালো খেললে পিটারসেনকে দলে ডাকা হতে পারে। ৩৪ বছরের পিটারসেন তাই এই মৌসুমের আইপিএল খেলা বিসর্জন দিয়ে ইংলিশ কাউন্টিতে মন দেন। সারের সাথে আবার চুক্তি হয় তার। এরপর তো খেললেন সোমবারের অসাধারণ ইনিংসটি। ৩৭৩ বলে ৩৪টি চার ও ১৪টি ছক্কায় ৩২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। কেপি বলেছেন, “এটা সম্ভবত আমার খেলা সেরা ইনিংস। ইংল্যান্ডের হয়ে আবার খেলার তীব্র বাসনা আমার। তা করতে মরিয়া আমি। বলা হচ্ছিল আমি আমার সেরা ব্যাটিং করছি। তার প্রমাণও মিললো।” তারপরও নাকি ইংলিশ দলে জায়গা হবে না কেপির! আসলে কি হয় তা দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫