শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামে বজ্রপাতে দুই ব্যাক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন স্থানীয় বেলদিয়া গ্রামের মিয়ার উদ্দিন মেঘুর ছেলে কৃষক নছর উদ্দিন (৬০) ও অপরজন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মধুপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে ক্ষেতমজুর ছফির উদ্দিন (৩৫)।
আহতরা হলেন মো: শাহজাহান (৩৫), আহাম্মদ আলী (৪৫) ও রজব আলী (৩৫)। শুক্রবার দুপুর দুইটার দিকে শ্রীপুরের কাওরাইদ বেলদিয়া গ্রামে বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী চিকিৎসক শারমিন জেরিন জানান, দুপুরে ধান ক্ষেতে কাজ শেষে পাঁচজন একত্রে জমির পাশেই দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় একাধিক বজ্রপাতে ঘটনাস্থলেই তারা আহত হন। তাদের মধ্যে পাঁচজনকেই কাওরাইদ নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে নছর উদ্দিন ও ছফির উদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত ঘোষণা করা হয়। আহতদেরকে স্থানীয় নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
