Skip to content

নিত্যপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা থাকছে না

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অত্যাবশ্যকীয় নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বাংলাদেশ। দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এ সমঝোতা সিদ্ধান্ত হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দুদেশের আমদানি বাণিজ্যে প্রায়ই বাংলাদেশ নিষেধাজ্ঞার সম্মুখীন হয়ে থাকে। দুদেশের মধ্যে এ সমঝোতা কার্যকর হলে ভবিষ্যতে আর বিধি-নিষেধের মুখে পড়বে না বাংলাদেশ। এ সিদ্ধান্ত ছাড়াও বাংলাদেশের ২৫টি রফতানি পণ্যের ক্ষেত্রে বিএসটিআই সনদ গ্রহণ করবে ভারত। বিদ্যমান রফতানি বাণিজ্যে ভারতের কাস্টমস বিভাগ বিএসটিআইর সনদ নিয়ে প্রায়ই প্রশ্ন তুলে থাকে। এখন এ বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে। শিগগিরই ভারত সরকার বিএসটিআই সনদ গ্রহণের প্রজ্ঞাপন জারি করবে।
বৈঠক সূত্রে জানা যায়, দুদেশের বাণিজ্যে সীমান্ত হাটকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমানে এ সীমান্ত হাটে ৫০ জনের বেশি লোক যেতে পারে না এবং প্রত্যেকে একশ ডলারের অধিক কেনাকাটা করতে পারে না। এ বাণিজ্য হাট সম্প্রসারণের বিষয়েও সমঝোতা হয়েছে। জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দেশে সফরকালে এসব সমঝোতা চূড়ান্ত রূপ পাবে।
বাণিজ্য সচিব পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্য সচিব শ্রী রাজীব খের।
বৈঠক সূত্র আরও জানায়, ভারতের বাণিজ্য সচিব রাজীব খের ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির নবায়ন ও চুক্তির আওতায় বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সাফটা চুক্তির আওতায় ২২৫টি পণ্যের তালিকা প্রত্যাহারের প্রস্তাব দেন। বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়েছে। এছাড়া সাফটার তৃতীয় মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হবে বলেও বৈঠকে জানানো হয়।
এর বাইরে ভারত থেকে আসা ডালিম, কমলালেবু ও ডেইরি ফুডের ওপর শুল্ক হার কমানোর প্রস্তাব দিয়েছে ভারত। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ৩ বছর পর বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক শুরু হয়। আজও এ বৈঠক চলবে। এর আগে ২০১২ সালের ২৮-২৯ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ সভা অনুষ্ঠিত হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫