স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানসিকভাবে যারা অসুস্থ তারাই দালাল ধরে অনিশ্চয়তার পথে বিদেশ যাওয়ার চেষ্টা করছে। এই জন্য শ্রমিক ও দালাল- উভয়েরই শাস্তির ব্যবস্থা করতে হবে। রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
অবৈধ পথে বিদেশ যাওয়া প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, কেউ যাতে অবৈধ পথে বিদেশ যেতে না পারে সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে। অবৈধপথে বিদেশ যাওয়া অভাবের কারণে নয়, আয় রোজগারের সোনার হরিণের পেছনে ছোটার মানসিকতা। যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে তারা দেশের সুনাম ক্ষুণ্ন করছে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনের কারণে দেশ সব ক্ষেত্রে পিছিয়ে গেছে।
