Skip to content

একাধিক এমপির অভিযোগ, আপত্তি ॥ পুলিশে স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসী!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: পুলিশ বাহিনীতে সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকে স্বাধীনতাবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ উঠেছে। তাই নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের রাজনৈতিক পরিচয়, ব্যাক গ্রাউন্ড পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কয়েকজন সাংসদের এ-সংক্রান্ত লিখিত অভিযোগ আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজ-খবর ও তদন্ত করছে।

নিয়োগ প্রাপ্তদের মধ্যে কেউ স্বাধীনতাবিরোধী ও সন্ত্রাসী—এমন প্রমাণ মিললে নিয়োগ বাতিল করা হবে বলে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির এ সংক্রান্ত একটি অনুলিপি বাংলানিউজের কাছে রয়েছে।

অনুলিপি পর্যালোচনা করে দেখা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে একাধিক সংসদ সদস্য এমন অভিযোগ করে চিঠি দিয়েছেন। এসব চিঠির ভিত্তিতে সংসদীয় কমিটিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

ঠাকুরগাঁও ২ আসনের সরকার দলীয় সদস্য মো. দবীরুল ইসলাম কমিটিতে এ সংক্রান্ত একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, তার (দবিরুল ইসলামের) নির্বাচনী এলাকায় পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে অনেক স্বাধীনতাবিরোধী এবং সন্ত্রাসী পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োগ পেয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পুলিশ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।

তার এ চিঠির জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাননীয় সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টির ব্যাপারে তিনি অবগত আছেন। তার (দবিরুলের) চিঠির পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যদি তার দাবির পক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের নিয়োগ বাতিল করা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এ বিষয়ে তিনি (দবীরুল ইসলাম) ছাড়াও একাধিক সংসদ সদস্য অনুরূপ অভিযোগ করেছেন।

কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও অভিযোগকারীদের একজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকাতেও এমন ঘটনা ঘটেছে।’
আগামীতে পুলিশ বাহিনীতে নিয়োগ দেবার আগে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি কমিটি গঠন করে সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন তিনি।

পুলিশ বাহিনীতে অনেক স্বাধীনতাবিরোধীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে কাজে নেমে পড়েছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সংসদ সদস্য দবিরুল ইসলামের এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদনও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সংসদ সদস্যদের অভিযোগের বিষয়টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশে যদি এ ধরনের সন্ত্রাসী কিংবা জঙ্গী ও স্বাধীনতাবিরোধী লোক নিয়োগ পেয়ে গিয়ে থাকে, তাহলে তো তা খুব খারাপ ঘটনা। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রত্যেক জেলার পুলিশ সুপার বরাবর একটি পত্র পাঠাতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা কেমন লোক—- ভালো না খারাপ এবং কে কোন পার্টি করে তা যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিয়োগ প্রাপ্তদের মধ্যে যাদের বিরুদ্ধে খারাপ রিপোর্ট পাওয়া যাবে তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রতিবেদন তুলে ধরা হয়। কমিটির সভাপতি টিপু মুন্সীর স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫