বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ১৯৯১ থেকে ২০০৮ সাল। চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। ১৯৯১ সালের ২৭ জানুয়ারির নির্বাচনে দলটি শতাংশের হিসেবে যে ভোট পেয়েছিল তার পরবর্তী তিনটি নির্বাচনে ক্রমশ কমেছে। ২০০৮-এর ২৯ ডিসেম্বরের নির্বাচনের পরে যুদ্ধাপরাধীর বিচারসহ নানা ইস্যুতে দলটি এখন কোনঠাসা। ইতোমধ্যে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। দাবি উঠেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করারও।
এমন এক বাস্তবতায় তাদের জোট শরীক বিএনপির সঙ্গেই চলতে চায় দলটি। বিএনপিও তাদের ভোটের রাজনীতিতের হিসাব কষে আপাতত তাদের জোট থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিতে পারছে না। জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ পরিষ্কারভাবে জানিয়েছেন, তারা বিএনপি বা ২০ দলীয় জোট ছাড়ছে না। যারা যারা জামায়াত ও ২০ দলীয় জোট নিয়ে নানা পরার্মশ দিচ্ছেন তারা ২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছেন।
নির্বাচন কমিশনের হিসাব মতে, ১৯৯০-এর গণআন্দোলনে এরশাদের পতন পরবর্তী অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসনে বিজয়ী হয়েছিল। তাদের সমর্থন নিয়েই সরকার গঠন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওই নির্বাচনে তারা তৃতীয় বৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছিল। তারা মোট ৪১ লাখ ৩৬ হাজার ৪৬১ ভোট পেয়েছিল। যা শতাংশের হিসেবে ছিল ১২ দশমিক শূন্য ১ শতাংশ। ওই নির্বাচনে ৩৫টি আসন পেলেও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভোটের হিসেবে অবস্থান ছিল চতুর্থ। তারা মোট কাস্টিং ভোটের ১১ দশমিক শূন্য ৯ শতাংশ অর্থাৎ ৪০ লাখ ৬৩ হাজার ৫৩৭ ভোট পেয়েছিল।
ওই নির্বাচনে ১৪০ আসন পাওয়া বিএনপি ভোট পেয়েছিল ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৫৪৯ ভোট। যা শতাংশের হিসাবে ছিল ৩০ দশমিক ৮ ভাগ। আওয়ামী লীগ ১ কোটি ২ লাখ ৫৯ হাজার ৮৬৬ ভোট পেয়েছিল। যা শতাংশের হিসেবে ৩০ দশমিক ১ ভাগ। তারা মোট ৮৮টি আসনে জয়ী হয়েছিল।
১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রচুর ভোট হারায় জামায়াতে ইসলামী। ওই নির্বাচনে তারা ৩৬ লাখ ৫৩ হাজার ১২ ভোট পায়। নির্বাচনে ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে মাত্র ৩টি আসনে জয়লাভ করে। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অস্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়। তাদের প্রার্থীরা ২৩ লাখ ৮৫ হাজার ৩৬১ ভোট পেয়ে ১৭টি আসনে জয়ী হয়। তাদের প্রাপ্য ভোট ৪ দশমিক ২৮ ভাগ।
ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর দুবছরের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয় দলটি। নির্বাচনে দলটির প্রার্থীরা ৩১ লাখ ৮৬ হাজার ৩৮৪ ভোট পেয়ে মাত্র ২টি আসনে জয়লাভ করে। চার দলীয় জোটভুক্ত হওয়ার কারণে তাদের এই ভোটে ওই এলাকার বিএনপির ভোটারদের ভোট রয়েছে। নির্বাচনে তারা ৪ দশমিক ৬ শতাংশ ভোট পান। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
