বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় শহর সিলেটে চলছে দেশের সর্ববৃহৎ ইন্টারনেট উৎসব ‘বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫’ এর অনুষ্ঠান । শহরের রিকাবি বাজারের সিটি ইনডোর স্টেডিয়ামে এই উৎসব আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং গ্রামীণফোন।
উৎসবে অংশ নিয়েছে ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন ও সারাদেশের স্থানীয় মোবাইল ভিত্তিক উদ্যোগ। সব উদ্যোগ প্রচার ও প্রদর্শন করা হচ্ছে এখানে। দর্শনার্থীরা এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখতে ও জানতে পারছেন।
এর আগে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী মাঠে বাংলাদেশ ইন্টারনেট উইক আয়োজন করা হয়। এরপর ৯ সেপ্টেম্বর রাজশাহীতে এই উৎসব পালন করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার সিলেটে এই ইন্টারনেট উৎসবের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা, রাজশাহী ও সিলেটে বড় উৎসবের পাশাপাশি ৫ থেকে ১১ সেপ্টেম্বর দেশের সবকটি উপজেলায় এই উৎসব পালন করা হচ্ছে। উৎসবের অংশ হিসেবে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং দেশের গণমাধ্যমগুলোতে অন্তত ৭টি পলিসি বৈঠকের আয়োজন করা হয়েছে।
এর মাধ্যমে ইন্টারনেট প্রবৃদ্ধির হার বাড়িয়ে প্রতিবছর কমপক্ষে ১ কোটি ইন্টারনেট গ্রাহক বাড়ানো, সাধারণ জনগনকে আরও বেশি অনলাইন সেবার আওতায় আনাসহ তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটভিত্তিক উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতকল্পে এগিয়ে যাওয়াও এই আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ ইন্টারনেট উইকের অফিসিয়াল ওয়েবসাইটwww.bangladeshinternet.org ও ফেসবুক পেইজwww.facebook.com/BDInternetWeek থেকে এই উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
