বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মক্কা: মক্কা শরিফে মসজিদ আল হারামের ভেতরে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ছিঁড়ে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩৮ জন।
সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ টুইটার বার্তায় এ খবর জানিয়েছে। বিভিন্ন সংবাদসংস্থার খবরে এ কথা জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দুর্ঘটনাস্থলের ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে অনেক রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবি দেখে মনে হচ্ছে একটি বড় ক্রেন মসজিদের ছাদ ভেঙে পড়েছে।
দুর্ঘটনাটি ঘটে এমন সময় যখন মক্কা শহরে বাৎসরিক হজের প্রস্তুতি চলছে।
এই মাসে পবিত্র হজ পালনের জন্য লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবের এই শহরে আসবেন। মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে। শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙে পরে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল।
ইসলাম ধর্মের সব চেয়ে পবিত্র এই মসজিদের কেন্দ্রস্থলে কা’বা অবস্থিত, যার দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়েন।
