স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির’ একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সকাল ১০টায় মির্জা ফখরুল জামিন নেয়ার জন্য ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালতে হাজির হন। এরপর তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবা জামিন চেয়ে আবেদন করেন।
গত বছর ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ‘খুনি’ বলে বক্তব্য দেয়ার অভিযোগে ফখরুলের বিরুদ্ধে এ মামলা করেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর-ই-আলম-সিদ্দিক।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তার দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত, সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’ বলে মন্তব্য করেন।
মির্জা ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সামাজিক ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
