Skip to content

তুরস্কে শান্তি সমাবেশে বোমা, নিহতের সংখ্যা বেড়ে ৯৫

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তুরস্কের রাজধানী আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে জোড়া বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। শনিবার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮৬ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজিনগলু সাংবাদিকদের এ তথ্য জানান।
এএফপি, রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অধিকাংশই বাম সংগঠনগুলোর সরকারবিরোধী একটি শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে আসা লোক। বিস্ফোরণে ৬২ জন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় টিভির খবরে দেখা যায়, আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে রক্তাক্ত সমাবেশস্থলটির মাটিতে হতাহতরা পড়ে আছেন। চারদিকে আতংকিত লোকজন ছোটাছুটি করছেন। বিস্ফোরণের পর ক্ষুুব্ধ লোকজন নিরাপত্তা বাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা এমরে জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং বহু লোকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। কুর্দি জঙ্গিদের ওপর সে দেশের সরকারি বাহিনী যে আক্রমণ চালাচ্ছে তা অবসানের দাবি জানাতে রাজধানীতে ট্রেড ইউনিয়নগুলো এ সমাবেশ-মিছিল ডেকেছিল। স্থানীয় সময় সকাল ১০টা চার মিনিটে হামলাটি চালানো হয়। দুপুর ১২টায় সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল। ‘শান্তি ও গণতন্ত্র’ স্লোগানকে সামনে রেখে ডাকা শান্তি সমাবেশটি পরে বাতিল করা হয়। সরকারি কর্মকর্তারা এ বিস্ফোরণের জন্য সন্ত্রাসীদের দায়ী করেন। বিস্ফোরণটি একটি আÍঘাতী হামলা, এমন দাবিও তদন্ত করে দেখার কথা জানান তারা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদৌলো জানায়, তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দোভুতৌলুকে ঘটনার বিষয়ে ব্রিফ করেছে দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কুর্দি সমর্থক এইচডিপি পার্টি অভিযোগ করেছে, এ বিস্ফোরণের পেছনে রাষ্ট্রেরই হাত রয়েছে।

এদিকে হতাহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের অন্য প্রধান চত্বরগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। এ বছরই জুনে এইচডিপির আরেকটি সমাবেশে একই রকম বোমা হামলা হয়েছিল। দেশটিতে আর কিছুদিন পরই পার্লামেন্টারি নির্বাচনের জন্য পুনরায় ভোট গ্রহণ হওয়ার কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫