বাংলাভূমি২৪ ডেস্ক ॥
খুব সহজেই ভাঁজ করা যায়, এমন একটি ইলেকট্রিক বাইক তৈরি করেছে জিআই নামে একটি স্টার্টআপ কোম্পানি। বাইকটির নাম ফ্লাই বাইক। এর ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হলে ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৪ কিলোমিটার। বাইকটি এমন ধরনের অ্যালোমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে যে, এটি যেমন শক্তপোক্ত, তেমনি হালকা। অন্যদিকে বাইক চালানো শেষে খুব সহজেই এটি ভাঁজ করে হাতে নিয়ে পথ চলা যাবে। অথবা রাখতে চাইলে
বড় কোনো জায়গারও প্রয়োজন হবে না।
এ বাইকের উদ্ভাবকরা হলেন টলোডো, আগুস্টিনয় ও সিভিল্লিয়া। তারা জানান, সহজেই বহনযোগ্য বাইক তৈরির জন্য তারা অনেক দিন ধরে গবেষণা করে আসছিলেন। যেটি বাসে কিংবা ট্রেনে করে বয়ে বেড়ানো যায়। এতে আছে এলইডি লাইট। ফলে রাতে সড়কে এটি চালানো যাবে। আগামী মাসেই বাইকটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে জিআই। বাইকটির দাম ধরা হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার।
বাইকটির নিরাপত্তার জন্য আছে অ্যাপ। গ্যারেজ কিংবা রাস্তায় বাইকটি পার্কিং করার জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। ফলে পাসওয়ার্ড ভেঙে এটি চুরি করা কঠিন হবে। তাছাড়া এটির হাতলের হ্যাঙ্গারে রেখে স্মার্টফোন চার্জ দেয়া যাবে। ওয়েবসাইট।
