Skip to content

ঢাকা মাতাবেন হৃতিক

স্পোর্টস ডেস্ক ॥

করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবির একটি দৃশ্যের কথা মনে পড়ে? হেলমেট আর ব্যাট-প্যাড-গ্লাভস পরে ছক্কা মেরে জিতে উল্লাস করেছিলেন হৃতিক রোশন। ক্রিকেটের টানেই ঢাকার মঞ্চে ঝড় তুলতে আসছেন তিনি। টি২০ খেলার টুর্নামেন্ট বিপিএলের নতুন আসরের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বলিউডের এই সুপারস্টার।

আগামী ২০ নভেম্বর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে থাকছে এই জমকালো আয়োজন। শুধু হৃতিক নন, বলিউড থেকে উড়ে আসবেন জ্যাকুলিন ফার্নান্দেজও। তিনি অবশ্য এর আগেও ঢাকায় নেচে গেছেন। তবে ৪১ বছর বয়সী এই তারকাকে এবারই প্রথম সরাসরি নাচতে দেখবে বাংলাদেশের রাজধানী। একাধিক সূত্র জানিয়েছে, হৃতিক ও জ্যাকুলিনের পাশাপাশি ভারত ও পাকিস্তানের একজন করে সংগীতশিল্পীর পরিবেশনা থাকবে এই আয়োজনে।

যারা মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে থাকবেন না বা যাদের থাকার সুযোগ হবে না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন। কিছুদিনের মধ্যেই এর টিকিট বিক্রি শুরু হবে।

২০০০ সালে বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন হৃতিক। এরপর অনেক ব্যবসাসফল ছবিতে দেখা গেছে তাকে। এর মধ্যে আছে ‘কৃষ’ সিরিজের তিনটি পর্ব, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ধুম টু’, ‘যোধা আকবর’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘অগ্নিপথ’, ‘ব্যাং ব্যাং’ প্রভৃতি।

সম্প্রতি বলিউডের ‘আশিকি’ ছবির তুমুল জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’র নতুন সংস্করণের ভিডিওতে মডেল হয়ে আলোচিত হয়েছেন হৃতিক। এতে তার সহশিল্পী হিসেবে আছেন সোনম কাপুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫