স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ইত্তিহাদ স্টেডিয়ামের কথা দীর্ঘদিন মনে থাকবে এফসি বোর্নমাউথের। যেন বাঘের ডেরায় প্রবেশ করেছিল এই ফুটবল ক্লাবটি। কোনমনে হাঁফছেড়ে বেঁচেছে তারা। তাও স্বাগতিক ম্যানসিটির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে। হ্যাটট্রিক করেছেন রাহিম স্টার্লিং। জোড়া গোল করেছেন উইলফ্রেড বোনি।
মূলতঃ ম্যানসিটির এই দুই স্ট্রাইকারের হাতেই দুরমুশ হতে হয়েছে এফসি বোর্নমাউথকে। আর ৫-১ গোলের বিশাল জয়ে সহজেই পয়েন্ট তালিকার শীর্ষে চলে আসল ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে সিটির পয়েন্ট ২১। মাঝে টানা দুই ম্যাচ ড্র না করলে একচ্ছত্রভাবে শীর্ষেই থাকত সিটি। ১৯ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল এবং তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ।
খেলা শুরুও সপ্তম মিনিটেই গোলের সূচনা করেন রাহিম স্টার্লিং। উইলফ্রেড বোনির কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন তিনি। এর চার মিনিট পরই (খেলার ১১ মিনিটে) বাম পায়ের শটে বোর্নমাউথের জালে বল জড়ান বোনি।
২-০ গোলে এগিয়ে থেকে তখনও স্বস্তিতে ছিল না ম্যানসিটি। কারণ ২২তম মিনিটেই একটি গোল শোধ করে দেয় বোর্নমাউথ। গ্লে মারি করেন গোলটি। তবে, ২৯তম মিনিটে সিটি সমর্থকদের আশ্বস্ত করলেন রাহিম স্টার্লিং। কেভিন ডি ব্র“ইনের পাস থেকে বল পেয়ে বোর্নমাউথের জালে বল জড়ান তিনি।
প্রথমার্ধের ইনজুরি টাইমে গিয়ে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক স্টার্লিংয়ের। ৪-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ম্যানসিটি। সার্জিও আগুয়েরোর অনুপস্থিতিতে দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করণে তিনি।
দ্বিতীয়ার্ধে অবশ্য অনেক বেশি সতর্ক হয়ে ওঠে বোর্নমাউথ। যে কারণে প্রথমার্ধের মত গোলবন্যা বইয়ে দিতে পারেনি সিটি। শেষ পর্যন্ত খেলার শেষ হওয়ার এক মিনিট আগে (৮৯ মিনিটে) বোর্নমাউথের জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন উইলফ্রেড বোনি।
