স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: অনেক হুমকি ধামকি দিয়েছিল সেল্টা ভিগো। ভিগোতে তারা খেলেছে রিয়াল মাদ্রিদের সাথে। বিতর্ক ছড়ানো ম্যাচে ১০ জনের দলে পরিণত হয়েছিল ভিগো। তারপরও শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করা ম্যাচে ভিগো ফিরতে পারেনি। লা লিগার ম্যাচে ৩-১ গোলে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
সেল্টা ভিগো, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই ম্যাচের আগে সমান ১৮ পয়েন্ট ছিল। রিয়াল ও বার্সার আধিপত্যের লিগে ভিগোও ভালো করছিল। তাদের সাথে রিয়ালের ম্যাচটাও দেখার মতো হলো। কিন্তু জয় পেলো রিয়ালই।
এই ম্যাচে কোচ রাফায়েল বেনিতেজ ইনজুরির কারণে নামাতে পারেন নি গ্যারেথ বেল, করিম বেনজিমা ও হামেস রদ্রিগেজকে। তারপরও শুরুটা চমৎকার হয়েছে। আট মিনিটে রোনালদোর গোলে লিড নেয় রিয়াল। লুকাস ভাজকুয়েজের সাথে বোঝাপড়ায় ভালো একটা বল পেয়েছিলেন রোনালদো। পর্তুগালের এই সুপারস্টার দারুণ শটে গোল করেছেন।
এর পর ফ্যাবিয়ান ওরেলানা দুটি চমৎকার চেষ্টা করেছেন। দুবারই দলকে বাঁচিয়েছেন গোলকিপার কিলর নাভাস। ২৩ মিনিটে ওই দুই সেভ আরো মূল্যবান প্রমাণিত হয়েছে। হেসের কাছ থেকে বল পেয়েছিলেন ফুল ব্যাক দানিলো। রিয়ালের হয়ে প্রথম গোল করেছেন দানিলো।
৫৭ মিনিটে বিতর্ক সৃষ্টি হয়। ভিগোর হার্নান্দেজ ফাউল করেছিলেন সার্জিও রামোসকে। রেফারি রিয়ালের পক্ষে সিদ্ধান্ত দিলে আগেই একটি হলুদ কার্ড পাওয়া কাবরাল প্রতিবাদ করেন। তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি। তিনি মাঠ ছাড়তে মিনিট খানেক সময় নেন। আর এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আরো দুই খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।
এরপরও হাল ছাড়েনি ভিগো। বার্সেলোনার সাবেক খেলোয়াড় নলিতোর একটি শট ঠেকিয়ে দিয়েছেন মার্সেলো। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে নলিতো লক্ষ্যভেদ করেন। প্লানাসের কাছ থেকে চমৎকার পাস পেয়ে একটু ওপরের শটে নাভাসকে পরাস্থ করেন নলিতো। স্বাগতিকরা এরপর সমতা এনে ফেলেছিল প্রায়। কিন্তু বদলী খেলোয়াড় গুইদেত্তি সুযোগ কাজে লাগাতে পারেন নি। উল্টো স্টপেজ টাইমে তৃতীয় গোল করে রিয়াল। স্টপেজ টাইমের ছয় মিনিটের সময় মার্সেলো গোল করেন।
