স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে প্রতীকী কফিন মিছিলে বাধা দিয়েছে পুলিশ। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শাহবাগ থেকে মিছিলটি যাত্রা শুরু করে। মিছিলটি টিএসসি ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের মোড়ে পৌঁছলে শিক্ষা ভবনের সামনে পুলিশ বাধা দেয়।
এরপর মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে হয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে আবারও পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এদিকে গণজাগরণ মঞ্চের কফিন মিছিলকে কেন্দ্র করে হাইকোর্ট মোড় সংলগ্ন শিক্ষা ভবনের সামনে এবং প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদস্যদের ব্যারিকেড, জলকামান ও সাজোয়া যানসহ অবস্থান করতে দেখা গেছে।
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে শনিবার বিকেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময় মোহাম্মদপুরের লালমাটিয়ার সি ব্লকের ৮/১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ।
