বিনোদন ডেস্ক ॥
ঢাকা: হলিউডে লিঙ্গ বৈষম্য আর নারী-পুরুষ অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়ে স্পষ্ট বলতে ওস্তাদ শ্যারন স্টোন। ‘বেসিক ইন্সটিংক্ট’ তারকা জানিয়েছেন, ওই ছবির পর পুরুষ সহকর্মীদের তুলনায় তার পারিশ্রমিক আরো বেশি কমে যায়।
সম্প্রতি মিয়ামিতে অনুষ্ঠিত একটি ফ্যাশন ইভেন্টে তিনি সাংবাদিকদের বলেন, বেসিক ইন্সটিংক্ট-এর পর কেউ-ই আমাকে পারিশ্রমিক দিতে চাইতো না। মনে আছে, ম্যানেজারের সঙ্গে আমি রান্না ঘরে বসে কাঁদতাম আর চিৎকার করে বলতাম, পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত আমি কাজ করবো না। এখন পর্যন্ত যেকোনো পুরুষ অভিনেতার তুলনায় আমি অনেক কম পারিশ্রমিক পাই।
৫৭ বছর বয়সী এই তারকা স্মৃতি হাতড়ে বলেন, বেসিক ইন্সটিংক্ট-এর মতো যৌনতাপূর্ণ থ্রিলার ছবিতে অভিনয় তার ক্যারিয়ারের জন্যে বেশ কঠিন একটা সময় ছিল। ওই সময় যথেষ্ট পারিশ্রমিক নিয়েই তাতে অভিনয় করা উচিত ছিল বলে মনে করেন অভিনেত্রী। কেবল তারকাখ্যাতির জন্যে নামমাত্র অর্থে এ কাজ করা উচিত হয়নি।
ক্যারিয়ারের প্রথম দিকে একটি রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করেছেন। জীবনে উঠতে সবকিছু করেছি আমি, জানান শ্যারোন। ৫০ শতাংশের বেশি নারীর সংসার বিচ্ছেদের মাধ্যমে ইতি ঘটে। তখন বাচ্চাটাকে বড় করে তোলা আর জীবন চালাতে নারীদের অনেক কিছুই করতে হয়। এ বিষয় আমাদের মেনে নেওয়াটাই প্রশংসা পেতে পারে। নয়তো বিপদ। এটা অনেকটা অর্থনৈতিক ব্ল্যাকমেইল।
নতুনদের জন্যে স্টোনের পরামর্শ হলো, প্রথম থেকেই পারিশ্রমিকটা ঠিক না করে দিলে ভবিষ্যতটা নষ্ট করে দেবে সংশ্লিষ্টরা।
