স্পোর্টস ডেস্ক ॥
অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে নিলো প্রমিলা ক্রিকেটাররা।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। তবে বল হাতে ফিল্ডিংয়ে নেমে চেপে ধরে প্রতিপক্ষকে।
৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রমিলা বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ৪৪ রানের মধ্যেই তারা আটটি উইকেট হারায় ।জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫৮ রান তুলতেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের নারীরা। ৪টি উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন শায়লা শারমিন ও ফাহিমা খাতুন। অন্য দুই উইকেট রান আউটে কাটা পড়ে।
মাত্র ৫৮ রানে জিম্বাবুয়ের ইনিংসকে গুড়িয়ে দিয়ে ৩১ রানের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাশাপাশি ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে জাহানারার দল। বাংলাদেশের মেয়েরা এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল ।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচ। প্রথমটিতে ৭৩ রানে জয়। বাকি দুটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়। দাপট দেখিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পায় জিম্বাবুয়েকে। খুব চেনা প্রতিপক্ষ। গেল মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা। সেমিফাইনালে তাদেরকে পেয়ে খানিকটা খুশিই হয় বাংলাদেশের মেয়েরা।
বল হাতে জিম্বাবুয়ের জোসেফিনে এমকোমো ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন মাজভিশায়া। রান আউটে দুটি উইকেট পায় বাংলাদেশের মেয়েরা।
