আব্দুল হান্নান ॥
গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিছুর রহমান। তবে মনোনয়ন জমা দেয়ার আগে আশীর্বাদ নিতে দলীয় কার্যালয়ে গেলেও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কাউকে পাননি তিনি। এ সময় কার্যালয় তালাবদ্ধ ছিল। পরে তিনি কার্যালয়ের সামনে বসেই মোনাজাত ও দোয়া করে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
গত ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করলেও তালা খোলা হয়নি।
মেয়র প্রার্থী আনিছুর রহমান জানান, তিনি শ্রীপুর উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সব নেতাকর্মীদের মুঠোফোনে মনোনয়নপত্র জমাদানের দাওয়াত করেছিলেন। তবে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তিনি তালাবদ্ধ দেখতে পান। এ সময় তার সঙ্গে তৃণমূল ও সাবেক নেতাকর্মীরা ছিলেন।
তিনি আরও জানান, এক পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে পৌর এলাকার মাধখলা এলাকায় তার নিজ বাড়ি বসে তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।
আনিছুর রহমান বলেন, ‘আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। এই প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হচ্ছে। আর এ নির্বাচনে দল আমাকে মনোনীত করেছে। এবারও আমি ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সচেষ্ঠ থাকবো এবং সকল প্রকার নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। ’
তিনি বলেন, ‘টানা দুই বার শ্রীপুর পৌরসভার মেয়র ছিলাম। শ্রীপুর পৌরসভার চলমান উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবো। জনসাধারণের সেবার মাধ্যমে আওয়ামী লীগের ভাবমূর্তি অটুট রাখবো। শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক এবং ডিজিটাল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করবো।’
এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের বিএসসি, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ওয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক আকতারুজ্জামান, শ্রীপুর পৌর আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, মো. নূরে আলম, মো. মাসুদ আলম ভাঙ্গী, জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আইয়ুব হাসান ভুঁইয়া, গাজীপুর জেলা যুবলীগের সহ-সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পিয়ন শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, গত ২ ডিসেম্বর রাতেই পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল তার কাছ থেকে চাবি নিয়ে গেছেন।
এ ব্যাপারে রফিকুল ইসলাম মন্ডল জানান, তালা দেয়ার বিষয়টি দপ্তর সম্পাদক এবং অফিস পিয়নের দায়িত্বে। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল ও শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, মেয়র পদে আওয়ামী লীগ থেকে আরও চার জন প্রার্থী ছিলেন। তারা হলেন- শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মিজানুর রহমান খানের ছেলে এ কে এম সাখাওয়াত হোসেন খান।
এদিকে, দলীয় মনোনয়ন পেয়ে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শহীদ গত ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাওলানা এস এম রূহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সিরাজ উদ্দিন কাঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দিয়ে শহীদুল্লাহ শহীদ সাংবাদিকদের জানান, তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, প্রশাসন, পুলিশ এবং জনসাধারণের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন। ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান, বিএনপির প্রার্থী মো. শহীদুল্লাহ শহীদ, শ্রীপুর পৌর জাসদের সভাপতি মো. আবুল কাসেম ও স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আহসান উল্লাহ মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে (সাধারণ) ৪৯ জন এবং নারী কাউন্সিলর পদে (সংরক্ষিত) ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান, ২০০০ সালের ২৮ নভেম্বর শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। এবার হবে এ পৌরসভার তৃতীয় নির্বাচন। ৪৬.৯৭ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৬১। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২২৬ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৭৩৫ জন।
এছাড়া শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও মেয়র প্রার্থী নেই জাতীয় পার্টির (জাপা)।
রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল গত ৩ ডিসেম্বর। ঐ সময়ে জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়নি বলে বলে জানা গেছে।
এ বিষয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে কয়েকদিন আগে জাতীয় পার্টির মেয়র পদে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছিলো। আমি আগামীতে সংসদ নির্বাচন করবো। তাই পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হবো না। আমাদের শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আফতাব উদ্দিন শারীরিকভাবে অসুস্থ ও আর্থিক সংকটের কারণে মেয়র পদে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন।
এদিকে, শ্রীপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টিতে কোনো প্রার্থী না থাকায় সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। দলীয় প্রার্থী না থাকায় তৃণমূলে রয়েছে ধোঁয়াশা।
শ্রীপুরে আ.লীগের একাংশের বিরূপ প্রতিক্রিয়া > মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন আনিছ
আপডেট :December 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
