স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার জনমতকে উপেক্ষা করে ক্ষমতা জবরদখল করে রেখেছে।
শুক্রবার মাওলানা আব্দুল খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিবৃতিতে বিএনপি নেত্রী বলেন, বর্তমানে দেশের সার্বভৌমত্ব চরম সংকটে। কবরে পাঠানো হয়েছে গণতন্ত্রকে। আধিপত্যবাদ আজও ডানা বিস্তার করে রেখেছে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করে শাসকশ্রেণি জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে। আমাদের স্বাধীনতার প্রথম তুর্যবাদক মওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হবো।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বাংলাদেশে সব স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা মওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শাসকগোষ্ঠীকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় থেকেছেন আপোষহীন নেতৃত্বের ভূমিকায়।
খালেদা জিয়া বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রান আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে। তাঁর প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই আমরা অভীষ্ট লক্ষে পৌঁছাতে পারব।
