বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে অপহরণের ১৪ দিন পর চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রাজশাহীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমানও চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। তার সঙ্গে কথা বললেই কে বা কারা, কেনই বা তাকে অপহরণ করেছে ওই তথ্য বেরিয়ে আসবে।
সোহাগের শ্বশুর রেজাউর রহমান দুলাল জানান, মোবাইল ফোনে বুধবার ভোরে তারা জানতে পারেন সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পাওয়া গেছে। এর পর ঢাকা থেকে কয়েকজন আত্মীয় গিয়ে সোহাগের অবস্থান নিশ্চিত করেন।
রাজশাহীর তেরখাদিয়া পশ্চিমপাড়ায় সোহাগের বাড়ি থেকে ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র্যাবের পোশাকধারী ছয়-সাত জন সদস্য তাকে অপহরণ করে। এ ঘটনার পর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা আককাসউজ্জামান। এর পর ১৩ ডিসেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা বাদী হয়ে মামলা করেন।
মামলায় অজ্ঞাতনামা র্যাব ও ডিবি পুলিশ এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়। ২০ ডিসেম্বর পুলিশ এ মামলায় ঢাকার দক্ষিণখান থানার ফাইজবাদ এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফারজাদুল ইসলাম মিরন এবং রাজশাহী নগরীর নওদাপাড়ার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপুকে আটক করে। পরদিন আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
