স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: নিজের বাড়িতে স্ট্রিপ পার্টি করে এর আগে সমালোচনার শিকার হয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। এবার লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময় এক মহিলা সাংবাদিককে তার সঙ্গে বাইরে যাওয়ার প্রস্তাব দিয়ে ফের আলোচনায় এই ব্যাটিং দানব। বিগ ব্যাশ লীগে সোমবার হোবার্ট হারিকেনের বিপক্ষে মেলবোর্ন রেনেগাডসের হয়ে দুর্দান্ত খেলেন গেইল। ১৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে পাঁচ উইকেটের জয় পায় তার দল। আউট হয়ে ডাগআউটে ফিরে আসার পর অস্ট্রেলিয়ান টিভির চ্যানেল টেনের সাংবাদিক মেল ম্যাকলাফিন গেইলের সাক্ষাৎকার নেন। এ সময় হঠাৎই মাত্রা ছাড়িয়ে যান তিনি। গেইল ওই সাংবাদিককে বলেন, ‘আমি নিজেই তোমার কাছে সাক্ষাৎকার দিতে আসতে চেয়েছিলাম। প্রথমবারের মতো তোমার চোখ দেখার জন্য আমি এখানে। তোমার চোখ দু’টি খুবই সুন্দর। আশা করি, আমরা খেলায় জিতে যাব। এরপর আমরা একসঙ্গে ড্রিঙ্ক করতেও যেতে পারি। আমার কথায় লজ্জা পেও না বেবি।’ শালীনতার সীমা অতিক্রম করায় ক্রিস গেইলকে নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমগুলোতে।
