Skip to content

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার ॥
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় ‘আমাদের সচেতনতাই পরিবর্তনের শক্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাবি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ২১নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খান।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আমাদের মন-মানসিকতা ও চিন্তা-চেতনাকে সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। ক্যাম্পাস, ক্লাসরুম, ঘর-বাড়ি, অফিস, রাস্তাঘাটসহ সব স্থানে পরিচ্ছন্ন পরিবেশ দরকার। আজ যে অভিযান শুরু হলো তা আমাদেরকে প্রতিদিন চালিয়ে যেতে হবে।’

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে থাকায় আমরা গর্বিত। এ বিশ্ববিদ্যালয় দেশের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।’

সাঈদ খোকন বলেন, ‘হাজারও সমস্যার মাঝেও এই ঐতিহ্যবাহী ঢাকা শহরের অধিবাসীদের মধ্যে রয়েছে দৃঢ় সামাজিক বন্ধন, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। বর্জ্য অব্যবস্থাপনার কারণে অনেকেই এই শহরকে বসবাসের অনুপযোগী বলে থাকে। আমরা আমাদের এই প্রিয় শহরকে সারাক্ষণ ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী প্রজন্মকে উপহার দিতে চাই।’

পরে মেয়র উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। এ সময় ক্যাম্পাসে কয়েকটি ওভারব্রিজ নির্মাণ এবং ক্যাম্পাসের যে সকল স্থানে যানজটের সৃষ্টি হয়, তা দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ গ্রহণের ব্যাপারে উপাচার্যকে আশ্বাস দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫