Skip to content

পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাবেন অপর্ণা!

বিনোদন ডেস্ক ॥
মুক্তিযুদ্ধের ওপর আরেকটি ছবির ঘোষণা এলো। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ভুবন মাঝি’ নামে ছবিটির মহরতে উপস্থিত ছিলেন শিল্পী, কলাকুশলীসহ রাজনৈতিক অঙ্গনের অনেকেই। সরকারি অনুদানের এ ছবিটির মূল চরিত্র নেওয়া হয়েছে সত্যিকারের একজন বাউল মুক্তিযোদ্ধার জীবনী থেকে।

নহির বাউল কুষ্টিয়ার মানুষ। লালনের ভাবাদর্শ আছে তার মধ্যে। বাউলেরা সাধারণত প্রাণী হত্যা করেন না। কিন্তু দেশের প্রয়োজনে বদলে যান তারা। অহিংসপ্রাণ নহির মাঝির মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্পটাই দেখা যাবে ‘ভুবন মাঝি’ ছবিটিতে। আর এই চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পে দেখা যাবে নহির বাউলকে মুক্তিযুদ্ধে পাঠাতে উদ্বুদ্ধ করেন একজন সম্ভ্রান্ত তরুণী। তার নাম ফরিদা। ফরিদা চরিত্রে রূপদান করছেন অপর্ণা ঘোষ।

বাংলাদেশে পরমব্রতর এটি হবে দ্বিতীয় ছবি। এর আগে ‘ভয়ঙ্কর সুন্দর’ নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। মহরত অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতা থেকে ছুটে এসেছেন ঢাকায়।

পরমব্রত ছবিটি নিয়ে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর আমার কিছু জানাশোনা আছে। পারিবারিক সূত্রেই সেটা জেনেছি। পরে অবশ্য নিজে থেকেও আরও জেনেছি। এখন কাজের প্রয়োজনে আরও জানছি। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করছি ভেবে গৌরব বোধ করছি।’

‘ভুবন মাঝি’ পরিচালনা করবেন ফাখরুল আরেফিন। এটি হবে তার প্রথম ছবি। এর আগে তিনি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করেছেন। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। কিছু অংশের কাজ হবে ভারতে। ছবির গানগুলো তৈরি করছেন কালিকাপ্রসাদ।

এতে আরও অভিনয় করছেন মামুনূর রশীদ, সুষমা সরকার, নওশাবা, মাজনুন মিজান, কণ্ঠশিল্পী ওয়াকিল প্রমুখ। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফসহ আমন্ত্রিত অতিথিরা ‘ভুবন মাঝি’র লোগো উন্মোচন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫