স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: নাজমুল হোসেন শান্তর ৭৩ রানে ভর করে জুনিয়র টাইগারদের সংগ্রহ ৫০ ওভার শেষে ২৪০। ২৪১ রানের টার্গেটে ব্যাট করবে প্রোটিয়া যুবারা।
সতর্ক শুরুর পরও খেই হারিয়ে ফেললেন ওপেনার সাইফ হাসান। দলীয় ৩০ রানে মুলডারের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি(৬)। এরপর ভালোই চলছিল পিনাক-জয়রাজের জুটি। ইনিংসের ২০তম ওভারে রানআউটে কাটা পড়েন পিনাক ঘোষ। বিদায়ের আগে ৫১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করেন তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত আসেন জয়রাজের সঙ্গে জুটি বাঁধতে। দলীয় ১০৩ রানে জয়রাজ বিদায় নেন স্পিনার হোয়াইটহেডের শিকারে পরিণত হয়ে। চতুর্থ উইকেটে নাজমুলের সঙ্গে অধিনায়ক মিরাজ ৫৯ রানের জুটি গড়েন। এরপর উইকেটে এসে বেশিক্ষন টেকেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। ব্যক্তিগত ১৯ রানে মুলডারের বলে বোল্ড হয়ে যান তিনি।
এর আগে সকালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্যান গালিমের বল দিয়ে বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন সাইফ হাসান ও পিনাক ঘোষ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: জয়রাজ শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাঈদ সরকার, সঞ্জিত শাহ, আবদুল হালিম ও সালেহ আহমেদ শাওন।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: লিয়াম স্মিথ, কাইল ভেরিন, ওয়ান মুলডার, টনি ডে জর্জি, রিভালদো মুনসামি, ড্যান গালিম, ফারহান সায়ানভালা, উইলেম লুডিক, লুক ফিল্যান্ডার, শন হোয়াইটহেড ও লোথো শিপামলা।
