সিলেট ব্যুরো ॥
সিলেট: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ। সরকার গণতন্ত্রকে বিচারবিভাগের মধ্যে বন্দি করে রেখেছে। বারবার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে সরকার, যা দেশের জন্য হুমকিস্বরূপ।
রোববার সকাল ১০টায় সিলেট মহানগর ও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। নগরীর দরগাহ গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সম্মেলনের আয়োজন হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হত্যা-গুম করে বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয়। এ সম্মেলন দেশের রাজনীতিতে একটি মাইলফলক, যার ধারাবাহিকতায় সারা দেশে বিএনপি আরো সংগঠিত ও শক্তিশালী হবে।
এর আগে তিনি সিলেট জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি এম এ হক, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমসহ মহানগর ও জেলার আহ্বায়ক কমিটির সদস্যরা।
দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কমিটির বিভিন্ন পদে নেতাদের নির্বাচিত করতে ভোট গ্রহণ শুরু হয়েছে।
