Skip to content

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা > বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে খালেদার আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে ফের নতুন সাক্ষ্যগ্রহণের জন্য গত বছরের ১৪ জুন হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেছিলেন খালেদা জিয়া।

হাইকোর্টে এ আবেদন ২৯ জুন খারিজের পর আপিলে যান খালেদা জিয়া। রোববার এ আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ।

‘আদালত আবেদন খারিজ করে দেওয়ায় বাদীর জবানবন্দি যেভাবে ছিল সেভাবে থাকবে। বিচারিক আদালতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩ মার্চ দিন ঠিক করা আছে,’ যোগ করেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক।
এ মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ৬জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫