স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আজ বুধবার আদালতে হাজির হবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল মঙ্গলবার বিকালে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া একথা জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি (খালেদা জিয়া) আদালতে যাবেন না বলে জানিয়েছেন এ আইনজীবী।
গত বছর ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার করা সময়ের আবেদন মঞ্জুর করে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক এম আমিনুল ইসলাম ওইদিন এ আদেশ দেন।
প্রসঙ্গত, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি সংক্রান্ত মামলাটি দায়ের করেন।
