বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সোমবার জানান তার প্রতিষ্ঠান টেলিকম সেক্টরেও বিস্তৃত হতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বর্তমানে বিশ্বের অত্যন্ত সফল একটি প্রতিষ্ঠান হলেও তার প্রতিষ্ঠানের বিরোধীতাও প্রচুর। এ অবস্থায় টেলিকম সেক্টরে ফেসবুক কতখানি নন্দিত হবে, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্ক জাকারবার্গ জানান, তার প্রতিষ্ঠান টেলিকম অপারেটরদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এ সেক্টরে আরও সংযুক্ত হতে চায়। এজন্য ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। জাকারবার্গ এ নিয়ে তৃতীয়বারের মতো টেলিকম সেক্টরের জন্য আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নেন।
জাকারবার্গ জানান, বিশ্বের প্রধান টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার জন্য জাকারবার্গ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এতে নোকিয়া, ডাচ টেলিকম, এসকে টেলিকম ও ইনটেলের সঙ্গে কাজ করছে ফেসবুক। এর আওতায় দ্রুত কমখরচের মোবাইল নেটওয়ার্ক নির্মাণে সহযোগিতা করা হচ্ছে।
পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলতেও ফেসবুক সহযোগিতার হাত বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন জাকারবার্গ। এটি ২০২০ সালে আসতে পারে।
জাকারবার্গ এ বিষয়টিকে বলছেন, ধনীদের জন্য দ্রুত যোগাযোগ। আর এতে দ্রুত নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান বাড়াতে সক্ষম হবে।
তিনি জানান, বিশ্বে বর্তমানে চার বিলিয়নেরও বেশি মানুষের ইন্টারনেট সুবিধা নেই। আর তাদের মাঝে ইন্টারনেট ছড়িয়ে দেওয়াও ফেসবুকের অন্যতম লক্ষ্য।
তবে ফেসবুকের এ লক্ষ্য নিয়ে বহু বিশ্লেষকেরই সমালোচনা রয়েছে। তাদের আশঙ্কা ফেসবুক এটি নিজস্ব স্বার্থ হাসিলে ব্যবহার করতে পারে। এছাড়া পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেলে তা প্রচুর তথ্য বিনিময়ের চাহিদা সৃষ্টি করবে, যা অন্য সাধারণ ব্যবহারকারীদের তথ্য বিনিময়ে প্রতিবন্ধক হতে পারে।
