বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিডনি (অস্ট্রেলিয়া) : গতকাল ২৪ ফেব্রুয়ারি (বুধবার) ভোরে সিডনির বেলমোরের ক্যান্টারবারি রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সর্বশেষ খবর জানার জন্য সবাই উদগ্রীব রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতাসহ সর্বস্তরের জনগণ দুই বাংলাদেশি তরুণের অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনাস্থলে নিহত হন ফাহিম রহমান অনিক (২০), হাসপাতালে নেয়ার পথে নিহত হন তার বন্ধু সাকলিল উৎস। সেন্ট জর্জ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তাদের আরেক বন্ধু রিফাত মোস্তফা।
নিহত ফাহিম রহমান অনিক ও উৎসের মৃতদেহ নিউ সাউথ ওয়েলস স্টেট করনারি বিভাগের হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেলে অনুসাঙ্গিক কার্যক্রম শেষে ১ সপ্তাহের মধ্য মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের মিডিয়া বিভাগ পক্ষ থেকে নিউ সাউথ ওয়েলস স্টেট পুলিশ, ফরেনসিক বিভাগ ও নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে।
সার্বিক সহযোগিতার জন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
