Skip to content

বিএনপির শীর্ষ দুই পদে নির্বাচন ১৯ মার্চ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির শীর্ষস্থানীয় দুটি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এই নির্বাচন হবে।

এই দুই পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন।

সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৪ মার্চ মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৫ মার্চ যাচাই-বাছাই করা হবে।

৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৯ মার্চ দলীয় চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

জমিরউদ্দীন সরকার জানান, এ দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের বয়স হতে হবে ৩০ বছর। বিএনপির সদস্য হতে হবে। প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজে অথবা লিখিতভাবে এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা মনে করছেন, এই দুই পদে আর কেউ নির্বাচন করবেন না। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

তিন বছর পরপর কাউন্সিল করার কথা থাকলেও এবারের (মার্চে) কাউন্সিল হতে যাচ্ছে ছয় বছর পর।

সর্বশেষ ২০০৯ সালের ডিসেম্বরে কাউন্সিল হয়েছিল। মধ্যে ২০১৩ সালের মার্চে কাউন্সিলের ঘোষণা দিলেও তা করতে পারেনি বিএনপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫