স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দুই ট্রাংক ভর্তি ১ কোটি ২ লাখ টাকা লুটে নেয়।
বুধবার (০২ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশে অবস্থিত ডাচবাংলা ব্যাংকের ফাস্টট্রাক এটিএম বুথে এ ঘটনা ঘটে। এ দিন রাত আড়াইটার দিকে মানিপ্লান্ট নামে একটি প্রতিষ্ঠান তাদের মাইক্রোবাসে ওই বুথে টাকা রাখতে আসে।
এ সময় ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল নিরাপত্তাকর্মী লিয়াকত হোসেনকে মারপিট করে ও সেখানে উপস্থিত অন্য কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা ভর্তি দু’টি ট্রাংক নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির সময় মানিপ্লান্টের দুইজন গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান ওসি।
