Skip to content

শৃঙ্খলায় জিরো টলারেন্স

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যেকোনো ধরনের অনিময়, সংঘর্ষ ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জিরো টলারেন্সে থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহনেওয়াজ বলেন, ‘২২ মার্চের প্রথম ধাপের ইউপি নির্বাচনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের কাজ শেষ হয়েছে। কিছু কিছু জায়গা থেকে সংঘর্ষের অভিযোগ এসেছে। স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকার জন্যে নির্দেশ দিয়েছি। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম দেখা যাবে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স দেখাতে বলেছি।’

সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতার আহ্বান জানিয়ে চেয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কেউ যেনো কারো ওপর চড়াও হতে না পারে- সেজন্যে পুলিশ প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। কারো অবহেলা দেখলে তাদেরকেও ছাড় দেবো না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা লাগবে। কারো গাফেলতির কারণে নির্বাচনী প্রক্রিয়া যেনো নষ্ট না হয়। দল মত নির্বিশেষে সুষ্ঠু নির্বাচন করতে চাই। আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি- সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সবাই সহযোগিতা করবেন।’

তিনি আরো বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করলে সে যে পর্যায়েরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, বিভিন্ন পর্যায়ে ব্যবস্থা নিয়েছিও। যে পর্যায়ের ব্যক্তিই হোক না কোনো, আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় না দেয়ার জন্যে রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছি। আমাদের নজরে এলেও আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের পদক্ষেপ নিতে বিন্দুমাত্র পিছপা হব না। কেউ যদি আচরণ বিধি লঙ্ঘন করেন এবং লঙ্ঘনে সহযোগিতা করেন তাদেরকে আমরা ছাড় দেবো না। আচরণবিধি লঙ্গন করবেন না- এটা আমাদের অনুরোধ, সতর্কবাণী হিসেবেও দেখতে পারেন।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা প্রথমে নির্বাচনের দিকে খেয়াল রাখছি। কোন দল কতটুকু নাখোশ হল, কতটুকু বিরক্ত হলো সেদিকে নজর রাখছি না। এবার আমরা সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেছি। ভবিষ্যতেও তারা যেনো অপ্রিয় কোনো কাজ ও নির্বাচন ব্যাহত করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫