স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম সানাউল হক-ই বেবিচকের কার্যালয়ে অফিস করছেন। এদিন বেলা ১১টায়ও অফিসে আসেননি নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি।
সোমবার (১৪ মার্চ) সকাল থেকেই সবার নজর ছিলো বেবিচকের দিকে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গণমাধ্যমের কর্মীদেরও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ সময় বেবিচকের গণসংযোগ কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়, এম সানাউল হকের সঙ্গে রেজাউল করিম একান্ত বৈঠকে রয়েছেন। কোনো মিডিয়াকর্মীকে যাতে ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয় সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।
এসময় বেবিচকের সামনে আসা গণমাধ্যম কর্মীরা একাধিকবার রেজাউল করিমের সঙ্গে বেবিচকের তথ্য বিভাগ ও সরাসরি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু এসময় তিনি কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী।
রোববার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে নিয়োগের জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
