বিনোদন ডেস্ক ॥
ঢাকা: দীর্ঘ পাঁচবছর পর ক্যামেরার সামনে দাড়ালেন লাক্স তারকা সাইয়েদা তাজ্জি। আরটিভির জনপ্রিয় ট্রাভেল শো ‘আর ট্রাভেল’ উপস্থাপনার মধ্য দিয়ে ছোটপর্দায় ফিরছেন তিনি। অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে শো’টির দৃশ্যধারণ চলছে। শো’টির পরিকল্পনা ও পরিচালনা করছেন নির্মাতা আকিদুল ইসলাম।
তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলামেইলকে জানালেন, ‘২৬তম পর্বের শুটিংয়ে থাকছে তাজ্জি।
আজই প্রথম কাজ শুরু করলো। সিডনী কেন্দ্রীয় লাইব্রেরী, অস্ট্রেলিয়ান মিউজিয়ামসহ আরও বেশ কিছু জায়গায় দৃশ্যধারণ হয়েছে। শো’টি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে প্রচারিত হয়।’
উল্লেখ্য, ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন তাজ্জি। বছর পাঁচেক আগে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। বর্তমানে সেখানেই স্থায়ী ভাবে বসবাস করছেন।
