বাংলাভূমি২৪ ডেস্ক ॥
প্যারিস থেকে : কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটে যাওয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার (২৮ মার্চ) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অ্যাসোসিয়েশন উই (বি) এর উদ্দ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধন থেকে তনু হত্যার পাশাপাশি পাবনা অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুমারী পাপড়ী বিশ্বাস, বগুড়ার মাদরাসাছাত্রী মরিয়ম বেগম, পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার কলেজছাত্রী শিরিন আক্তার, বাগেরহাটের স্কুলছাত্রী, পাবনা স্কুলছাত্র মাহাবুবসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা ও ধর্ষণের প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ধর্ষণ ও হত্যা যেন বাংলাদেশের একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সর্বশেষ এই ঘটনার নির্মম বলি হয়েছে ১৯ বছর বয়সী ছাত্রী সোহাগী জাহান তনু। আর এ ঘটনা ঘটেছে সবচেয়ে নিরাপদ হিসেবে পরিচিত সেনানিবাস এলাকায়। তনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এমন ঘটনা বাড়তেই থাকবে।
উই’ নামের সংগঠনটির সভাপতি আউয়াল রহমান দ্বীপ বলেন, ‘সোহাগী জাহান তনু শুধুমাত্র একটি নাম- যা আমাদের কাছে প্রতীক। তনু, কুমারী পাপড়ী বিশ্বাস, শিরিন আক্তারসহ এখন পর্যন্ত যারা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে- যাতে করে ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
তরুণদের সংগঠন অ্যাসোসিয়েশন উই (বি) এর আহ্বানে সাড়া দিয়ে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিকসহ উল্লেখযোগ্য সংখ্যক ফ্রান্স প্রবাসীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
