বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: হজে পাঠানোর নাম করে মিশরে কয়েকশ জনের কাছ থেকে ১৫ লাখ মিশরীয় পাউন্ড আত্মসাৎ করেছিলেন এক সৌদি নারী। এই প্রতারণার দায়ে বুধবার কায়রো থেকে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ।
ওই সৌদি নারী হজে পাঠানোর নাম করে সবমিলিয়ে ২৬০ জন মিশরীয়ের কাছ থেকে ১৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৩২৪৮৭৪৯.৮৯ টাকা) নিয়েছিলেন। তার নাম মাহা, বয়স ৩৬। পরে ক্ষতিগ্রস্তরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে মিশরীয় পুলিশ তাকে আটক করে। ধরা পড়ার পর তিনি নিজের দোষ স্বীকার করেছেন।
ওই প্রতারক নারী কায়রোতে একটি ট্রাভেলস এজেন্সি পরিচালনা করতেন। ওই এজেন্সির মাধ্যমেই তিনি ওই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি সরকার।
