বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আহমদকে দুইদিনের রিমান্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল) রিমান্ডে অর্থ আত্মসাতের সঙ্গে শিপন আহমদ নামে আরেক ব্যক্তির জড়িত আছেন বলে জানিয়েছেন তিনি। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সন্ধ্যায় বিশ্বানাথ থেকে শিপনকে গ্রেপ্তার করেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন, সিলেট বিভাগের পরিচালক ড. মো. আবুল হাসান।
তিনি জানান, আদালতের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আহমদকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তিনি জানান, টাকা আত্মসাতে তাদের সঙ্গে বিশ্বনাথ উপজেলার শিপন আহমদ নামে এক ব্যক্তি জড়িত। পরে সন্ধ্যায় নিজবাড়ি বিশ্বনাথ থেকে শিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে রাতেই কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ড. মো. আবুল হাসান।
মঙ্গলবার দিনগত রাত ১টা দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, দুদক থেকে একজন আসামি নিয়ে আসার কথা। কিন্তু এখনো আমাদের কাছে সেই আসামিকে নিয়ে আসা হয়নি।
২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় দায়িত্ব পালনকালে হোসেন আহমদ গ্রাহকদের টাকা ভাউচারের মাধ্যমে লেনদেন করেন। লেনদেনের হিসাব ব্যাংকের হিসাব বিবরণীতে যোগ করেননি। এ কারণে গত বছরের ৯ জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংক, সিলেট আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট এডিপি পারভেজ বাদী হয়ে হোসেন আহমদের বিরুদ্ধে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৬/৯/৭/১৬)।
একপর্যায়ে ওই মামলার তদন্তভার দুদকের কাছে আসে। তদন্তে দুদক এক কোটি ১৫ লাখ টাকারও বেশি আত্মসাতের প্রমাণ পায়। এরপর ৫ এপ্রিল সন্ধ্যায় হোসেন আহমদকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিকেলে সিলেট মহানগরী থেকে সালাহ উদ্দিন নামে ওই ব্যাংকের সাবেক এক ক্যাশিয়ারকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। বাংলামেইল২৪ডটকম
