Skip to content

তনু হত্যার রিট বাদ দিয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৮ এপ্রিল) এ-সংক্রান্ত আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, ‘আউট অফ লিস্ট’।

আদালতের এ আদেশের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘আদালত বলেছে ‘তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান। তাই আপনার রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হল। তবে আমি এ রিট আবেদনটি হাইকোর্টের অন্য একটি বেঞ্চে পুনরায় উপস্থাপন করব।’

এর আগে গত ৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তনু হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশনা চাওয়ার পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়। একইসঙ্গে ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয় রিটে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই বাসা থেকে ২০০ গজ দূরে টিউশন শেষে ফেরার পথে নিখোঁজ হন তনু। রাতেই অলিপুরের একটি ঝোঁপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়; পাশেই ছিল তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।

ভিক্টোরিয়া কলেজে অর্নাস পড়ুয়া তনু কুমিল্লা ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় সপরিবারে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫