স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে অতিকথন থেকে বিরত থাকতে বলেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সদস্য নাভানা আক্তারেরে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দুই মাস পরপর আপডেট দিতে বলেছেন। তাই কথা কম বলতে চাই। কাজ বেশি করতে চাই। সামগ্রিক কাজের ৩৩ ভাগ অগ্রগতি হয়েছে। এর চেয়ে বেশি কথা না বলাই ভালো।’
নাভানা আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর সংযোগ সড়কগুলো চার লেন করার কাজ আগামী মাসে শুরু হবে। মাওয়া থেকে পোস্তগোলা-বাবুবাজার, জাজিরা থেকে ভাঙ্গা মোড় পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।
পদ্মা সেতুর ৩৩ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে নয়টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। সেতুটির কাজ যথাসময়ে শেষ হবে বলেও তিনি জানান।
এর আগে বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের দশম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হয়।
তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারির এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ পর্যায়ে। ফাইনাল লেয়ারের কাজ চলছে এবং বিউটিফিকেশনের কাজও চলছে। প্রথম লেয়ারের কাজ ১৯২ কিলোমিটার হয়ে গেছে। ফেনী ও কুমিল্লায় রেল ওভারপাস করা হয়ে গেছে। ফাইনাল লেয়ারের কাজ চলছে। দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হবে।
