Skip to content

খালেদার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবেদন নেই ১৪ মাসেও

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের মামলার চৌদ্দ মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সোমবার এ মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো প্রতিবেদন না আসায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম পুনরায় ১১ জুলাই দিন ধার্য করেছেন প্রতিবেদনের জন্যে।

মামলার অপর ৩ আসামি হলেন— চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

গত বছরের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করলে আদালত গুলশান থানার অফিসার ইনচার্জকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বিভিন্ন পত্রিকার সংবাদের উদ্ধৃতি দিয়ে মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যা হয়েছে। যাদের মধ্যে গত ২৭ জানুয়ারি ট্রাক চালক আব্দুর রহমান ও বকুল দেবনাথ, গত ১৩ জানুয়ারি আড়াই বছরের শিশু সাফির, জেসমিন আক্তার, গত ১৫ জানুয়ারি স্কুল ছাত্র রাজন আলী, বাসচালকের সহকারী তোফাজ্জল, ট্রাক চালকের সহকারী সোহাগ বিশ্বাস রয়েছেন।

উক্ত হত্যাকাণ্ডের দায়ভার অবরোধ ও হরতাল আহ্বানকারী ২০ দলীয় জোটের প্রধান বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং অপর ৩ আসামির ওপর বর্তায়। অন্যদিকে অনির্দিষ্টকালে অবরোধ ও হরতাল দিয়ে মানুষ হত্যা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধঘোষণার সামিল হিসেবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মধ্যে পড়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫