Skip to content

২৫ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাতে কয়েকডজন মানুষের মৃত্যুর পর গত ২৫ ঘণ্টায় দেশজুড়ে আরও ২০ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ৪ শিশু, ১ স্কুলছাত্র, ৫ নারী, ১ শিক্ষক ও ১ বৌদ্ধ ভিক্ষু রয়েছেন।

করেসপন্ডেন্টদের তথ্য মতে, শুক্রবার (১৩ মে) বিকেল ৫টা থেকে শনিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত সাভারে ৪ জনসহ ঢাকায় ৫ জন, কিশোরগঞ্জে দু’জন এবং চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, বান্দরবান, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ঝিনাইদহ, গাজীপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর ও পটুয়াখালীতে একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

কুমিল্লার স্টাফ করেসপন্ডেন্ট জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কয়েক বছর ধরে পাগলবেশে ওই বৃদ্ধ রসুলপুর বাজার এলাকায় অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা।

ফেনীর স্টাফ করেসপন্ডেন্ট জানান, একইদিন রাত সাড়ে ৯টার দিকে জেলার ফুলগাজী উপজেলার দরবার পুর ইউনিয়নে আবদুল জলিল (৪২) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়। আবদুল জলিল নেত্রকোনা জেলার দুর্গাপুরের কার্জুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আবদুল জলিল ভিক্ষুক এবং শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

তার আগে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, সন্ধ্যায় জেলার ফতুল্লার নন্দলালপুর বটতলা এলাকার একটি ডোবা থেকে থেকে অজ্ঞাতপচিয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর শনিবার ভোরে বান্দরবান ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি বৌদ্ধ মন্দিরের ভিক্ষু মংশৈ উ চাককে (৭৫) দুর্বৃত্তদের গলা কেটে হত্যা করার খবর দেন।

তিনি বলেন, ভোরে ওই মন্দিরের পাশের একটি ঘরে ওই ভিক্ষুকে খাবার দিতে গিয়ে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বাইশারি তদন্ত কেন্দ্র থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় আবদুল ওয়াহেদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর দেন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।

তিনি জানান, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এ ঘটনায় তিনজন নিখোঁজ হন। ৯টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা হাওরে মৃতদেহটি ভেসে ওঠে।

পরে বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনায়ই আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান করেসপন্ডেন্ট।

সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দায়িত্বরত সিনিয়র করেসপন্ডেন্ট জানান, ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশের রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

ভোরে ময়মনসিংহ থেকে ঢাকার কমলাপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানান তিনি।

এরপর চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, ভোরে জেলার সদর উপজেলার স্বরুপনগর-বেলেপুকুর এলাকার একটি গাছ থেকে লিচু চুরি করতে গিয়ে শরিফুল ইসলাম শরিফ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, সকালে জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার-ঠাকরাকোনা সড়কে মাইক্রোবাস চাপায় রাত্রি বর্মণ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সকাল পৌনে ১০টার দিকে ঝিনাইদহ শহরতলীর মহিষাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েরা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর দেন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।

একইসময়ে ঢাকার সাভারের পৌর এলাকার তালবাগের জনৈক সেলিম মিয়ার বাড়ি থেকে সুমি আক্তার (২২) নামে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় করেসপন্ডেন্ট।

এই করেসপন্ডেন্ট দুপুরে উপজেলার হেমায়েতপুর থেকে দুই ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধারেরও খবর দেন। তিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি গরুর খামার থেকে তাদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

করেসপন্ডেন্টের তথ্যমতে, ওই তিনজন হলেন- নীলফামারী জেলার জিয়াউর রহমানের দুই পুত্র জীবন (১৯) ও নাছির (১৬) ও করকমা মিয়ার ছেলে ভজে (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোরিকশা মেরামতের দোকানে কাজ করতেন।

এই তিনজনের মৃত্যুর খবরে আগে গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট জানান, সকালে মহানগরের টঙ্গীর সুকন্দিবাগ এলাকায় পানির পাম্প স্থাপনের জন্য তৈরি একটি পরিত্যক্ত কূপে পড়ে রোমানুর রহমান (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোমানুর স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র।

এরপর কুষ্টিয়ার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার বালিয়াপাড়া মাঠের পাকা রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট খবর দেন, জেলার কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে।

এরপর দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলি বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় দূর্গা প্রসাদ রায় (৩৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হন বলে খবর দেন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।

বিকেলে পটুয়াখালী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, তিনি জেলার দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নে বিদুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন। তবে এ দুর্ঘটনা সকালের দিকে ঘটেছে বলেও জানান তিনি।

সবশেষে সন্ধ্যা ৬টার মিনিট কয়েক আগে চট্টগ্রাম ব্যুরো জেলার বাঁশখালীর একটি বাড়িতে ডাকাতির সময় চিনে ফেলায় ডাকাতদের হাতে বিজয়া দাশ (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে খবর দেয়।

ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্টের তথ্যমতে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের রাবন পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫