Skip to content

তনুর ডিএনএ প্রতিবেদনে সন্তোষ বাবা-মায়ের

স্টাফ রিপোর্টার ॥

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা ও মা।

মঙ্গলবার (১৭ মে) সকালে কুমিল্লা সেনানিবাসের বাইরে একটি রেস্টুরেন্টে বসে তারা সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তারা খুনিদের বিচার দাবি করেন।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, আমি তনু হত্যার দ্রুত বিচার চাই। আমার মেয়ে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তারা আমার মেয়েকে আর বাড়ি ফিরতে দেয়নি। সরকার, সিআইডি ও দেশবাসীর কাছে আমি তনু হত্যার বিচার চাই।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, সিআইডি যে ডিএনএ রিপোর্ট দিয়েছে তার সঙ্গে আমি একমত। আসামি যেই হোক তাদের আইনের আওতায় আনা হোক।

এরআগে সকালে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান আনুষ্ঠানিকভাবে তনুর ডিএনএ প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে তনুর কাপড়ে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

পরে সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, আমরা ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হয়েছি, তনু ধর্ষণের শিকার হয়েছিল। বেশকিছু তথ্য, উপাত্ত, মোবাইল ফোনের এসএমএস ও জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আমরা আসামি শনাক্ত করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি।

তিনি জানান, ডিএনএ প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। এখন যত দ্রুত দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যাবে, ততো দ্রুত এ মামলার অগ্রগতি দেশবাসীকে দেখানো যাবে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি ঝোপ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশ ও ডিবি হয়ে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর ৪ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫